ডেস্ক রিপোর্ট,আগরতলা, ৩রা সেপ্টেম্বর : প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠকে এক ফ্রেমে পুরনো-নতুন নেতৃত্ব! তবে কি বদলের ইঙ্গিত ত্রিপুরা বিজেপিতে? এই প্রশ্ন আমাদের নয় এই প্রশ্ন চলছে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে।
প্রদেশ বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। সামনে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, পাশে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। কিন্তু বৈঠকের সামনের সারিতে একসঙ্গে দেখা গেল প্রতিমা ভৌমিক,রামপ্রসাদ পাল,রেবতী ত্রিপুরা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব এবং দলের একাধিক প্রবীণ নেতাকে।
রাজনৈতিক মহলে এখন প্রশ্ন—এটা কি শুধুই সাংগঠনিক বৈঠক, নাকি এর মধ্যেই লুকিয়ে রয়েছে বিজেপির আগামী দিনের নেতৃত্বের নতুন সমীকরণের ইঙ্গিত?
কারণ সামনে এডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচন। দশ বছর পর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ত্রিপুরার রাজনীতিতে উত্তাপ বাড়ছে।
আর চলতি বছরের এডিসি নির্বাচনের ফলও বিজেপির সামনে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ২৮টি নির্বাচিত আসনের মধ্যে তিপ্রা মথা জিতেছে ২৪টি, বিজেপি পেয়েছে মাত্র ৪টি আসন।
তার উপর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি-তিপ্রা মথার আসন সমঝোতা নিয়েও টানাপোড়েন প্রকাশ্যে এসেছে।
তাই প্রশ্ন উঠছে—কেন্দ্রীয় নেতৃত্ব কি এবার ত্রিপুরা বিজেপির সাংগঠনিক শক্তি নতুন করে সাজাতে চাইছে? প্রতিমা ভৌমিক, বিপ্লব কুমার দেব এবং অন্যান্য প্রবীণ নেতৃত্বকে কি আরও সক্রিয় ভূমিকায় দেখা যাবে?
নাকি বর্তমান নেতৃত্বের হাতেই থাকবে সংগঠনের পূর্ণ নিয়ন্ত্রণ?
সব উত্তর এখনই স্পষ্ট নয়। তবে বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠকের ছবি এবং সময়কাল ত্রিপুরার রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
২০২৮-এর লড়াইয়ের আগে কি বিজেপিতে শুরু হয়ে গেল নেতৃত্বের নতুন সমীকরণের প্রস্তুতি?
এক ফ্রেমে বিজেপির পুরনো-নতুন নেতৃত্ব! ত্রিপুরা বিজেপিতে বড় বদলের ইঙ্গিত?
6
