Home রাজ্যপুলিশের গাড়ি থেকে মদ ছিনতাই, ঘটনায় আটক ১ মহিলা | শান্তিরবাজার

পুলিশের গাড়ি থেকে মদ ছিনতাই, ঘটনায় আটক ১ মহিলা | শান্তিরবাজার

by Pravakar Baidya
0 comments 56 views

নিজস্ব প্রতিনিধি,  শান্তিরবাজার, ২০ জুলাই : পুলিশের গাড়ি থেকে জব্দ মদ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায়। এই ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলাকে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ।  ঘটনাটি ঘটেছে গত ১৮ জুলাই শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন সেখানে পুলিশের একটি নেশাবিরোধী অভিযান চলছিল।অভিযানের সময় পুলিশের কাজে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, পুলিশের গাড়ি থেকে জব্দ করা মদও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই দুঃসাহসিক ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে এসে শান্তিরবাজার থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।তদন্তের ভিত্তিতেই অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত এক মহিলাকে আটক করেছে পুলিশ। শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত জানিয়েছেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”বর্তমানে আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, বাকি অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে। তদন্তের স্বার্থে আরও বেশ কয়েকজনকে নজরদারির আওতায় রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Comment