Home রাজ্যজনগণনা-২০২৭ নিয়ে শান্তিরবাজারে সচেতনতামূলক পথনাটক, SDM ও পৌর পরিষদের উদ্যোগ

জনগণনা-২০২৭ নিয়ে শান্তিরবাজারে সচেতনতামূলক পথনাটক, SDM ও পৌর পরিষদের উদ্যোগ

by Pravakar Baidya
0 comments 24 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২০ জুলাই : জনগণনা-২০২৭ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় এবং শান্তিরবাজার পৌর পরিষদের যৌথ উদ্যোগে সচেতনতামূলক পথনাটক মঞ্চস্থ করা হলো। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিল শান্তিরবাজার মহকুমা সাহিত্য পরিষদ। ডিজিটাল জনগণনার নতুন পদ্ধতি, সঠিক তথ্য প্রদানের গুরুত্ব এবং প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা – নাটকের মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়।নাটকের বিভিন্ন দৃশ্য ও সংলাপের মাধ্যমে বোঝানো হয়, নির্ভুল জনগণনা শুধু জনসংখ্যার হিসাব নয়। বরং এটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো, সামাজিক সুরক্ষা এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনার ভিত্তি নির্মাণ করে। নাটকে আরও বলা হয়, জনগণনার সময় সরকারি কর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও সামাজিক দায়িত্ব।একইসাথে গুজব, বিভ্রান্তি এবং ভুল তথ্য পরিহার করে জনগণনাকে সফল করে তোলার আহ্বান জানানো হয়। শান্তিরবাজার মহকুমা সাহিত্য পরিষদের শিল্পীদের প্রাণবন্ত অভিনয়, বাস্তবধর্মী সংলাপ এবং আকর্ষণীয় উপস্থাপনা দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করে। উপস্থিত দর্শকরা নাটকটির সামাজিক বার্তা ও পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনগণনা-২০২৭ সম্পর্কে জনসচেতনতা আরও বিস্তৃত করতে আগামী দিনেও বিভিন্ন সাংস্কৃতিক ও গণসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। “সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণেই একটি সফল ও নির্ভুল জনগণনা সম্ভব” – এই বার্তাই পথনাটকের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

Leave a Comment