Home রাজ্যবিশ্ব হেপাটাইটিস দিবসে মুহুরীপুরে বসে আঁকো প্রতিযোগিতা ও কৃতী সংবর্ধনা।

বিশ্ব হেপাটাইটিস দিবসে মুহুরীপুরে বসে আঁকো প্রতিযোগিতা ও কৃতী সংবর্ধনা।

by Pravakar Baidya
0 comments 2 views

শান্তিরবাজার,২৭ জূলাই : ২৭ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলার মুহুরীপুর শাখার উদ্যোগে সোমবার মুহুরীপুর রামঠাকুর আশ্রমে দিনব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহুরীপুর হাসপাতালের ইনচার্জ ডা. রাকেশ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার মুহুরীপুর শাখার সহ-সম্পাদক দুলাল শীল, ফাউন্ডেশনের দক্ষিণ ত্রিপুরা জেলা সদস্য দ্বিজেন্দ্র দেবনাথ-সহ শাখার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতায়অংশগ্রহণকারী শিশুদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল ও ট্রফি প্রদান করা হয়। সব মিলিয়ে ৭১ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. রাকেশ চৌধুরী বলেন, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার মূল লক্ষ্য রাজ্যকে সম্পূর্ণ হেপাটাইটিস ‘বি’ মুক্ত করা এবং জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। তিনি জানান, ২০০২ সালের ২৮ জুলাই প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি লিভারের রোগ প্রতিরোধ, হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, ফাউন্ডেশনের সভাপতি ডা. প্রদীপ ভৌমিক-এর বক্তব্য অনুযায়ী, বর্তমানে শিরার মাধ্যমে মাদক গ্রহণের ফলে রাজ্যে হেপাটাইটিস ‘সি’ ও এইডসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ফাউন্ডেশন একটি বিশেষ ‘অ্যান্টি-ড্রাগ মিশন’ পরিচালনা করছে। এর লক্ষ্য যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা।অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সকলের উদ্দেশে ফাউন্ডেশনের বার্তা তুলে ধরে বলা হয়, “সমাজের জন্য, সমাজের দ্বারা এবং সমাজের মাধ্যমে” কাজ করে ত্রিপুরাকে একটি সুস্থ, সচেতন ও হেপাটাইটিসমুক্ত রাজ্যে পরিণত করাই সংস্থার অঙ্গীকার। সেই লক্ষ্যে সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান অতিথিরা।

Leave a Comment