নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৭ জুলাই: আগামী ৩১ জুলাই দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। শান্তিরবাজারে ১০২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টেরও উদ্বোধন করবেন তিনি।
রবিবার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভা হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জেলাশাসক মোঃ সাজ্জাদ পি জানান, ৩১ জুলাই শান্তিরবাজার মহকুমার তুইকর্মা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা ও জনজাতি কল্যাণ দপ্তরের ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ৬৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন।
জেলাশাসক আরও জানান, সেদিন মুখ্যমন্ত্রী ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ মতাইয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের চতুর্থ সিজনের শুভ উদ্বোধন করবেন। পাশাপাশি মাড ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সিজনের সমাপনি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টটি এবার থেকে খেলো ইন্ডিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবারের প্রতিযোগিতা হবে। এবছর থেকে অনূর্ধ্ব-১৭ বালকদের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ বালিকাদের জন্যও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আজকের পর্যালোচনা সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদার সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উন্নয়ন এবং খেলাধুলা – দুটোকেই গুরুত্ব দিয়ে ৩১ জুলাইয়ের এই সফরকে ঘিরে দক্ষিণ জেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
শান্তিরবাজারে ১০২ কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস
23
