নেট ই নিউজ প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ অক্টোবর:
শারদীয়া উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রতিনিয়ত তৎপর রয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মদের কারবার রুখতে মহকুমার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় শারদীয়া উৎসবের অষ্টমীর দিন শান্তিরবাজার থানার ওসি রাজু দত্তের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এই অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিলাতি মদ উদ্ধার করা হয় এবং ঘটনায় এক ব্যক্তিকে আটক করে শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উৎসবের মরশুমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মদের কারবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন এসআই কণ্ঠ রায় দেববর্মা এবং নবম বাহিনীর টিএসআর জওয়ানরা। এ বিষয়ে শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত বিস্তারিত তথ্য জানান। উল্লেখ্য, এর আগেও শান্তিরবাজার থানার পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধার করেছে। শারদীয়া উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপন করতে পারেন, সেই লক্ষ্যে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
