নেট ই নিউজ প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ অক্টোবর:
জানা যায় রবিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ শান্তিরবাজার ট্রাই জংশন সংলগ্ন ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, TR08G8272 নম্বরের একটি সুপার স্প্লেন্ডার বাইক পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরোনোর পথে TR01BC6464 নম্বরের একটি পালসার বাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর নিত্য রায় জমাতিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। অন্যদিকে, অপর আহত কিষান বৈদ্যের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। আহত কিষান বৈদ্যের বয়স ২৪ বছর। তাঁর বাড়ি বিলোনিয়ার হল চৌমুনী এলাকায়। অপর আহত নিত্য রায় জমাতিয়ার বয়স ৪৮ বছর। তাঁর বাড়ি শান্তিরবাজার মহকুমার পতিছড়ি মুড়া সিংপাড়া এলাকায় বলে জানা গেছে।
