নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরা জেলার বগাফা আর.ডি. ব্লকের বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বগাফা ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক ভৈরব পাল। প্রশাসনের তৎপরতায় এবং সাধারণ মানুষের সহযোগিতায় এবারের নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা নিঃসন্দেহে একটি বড় সাফল্য বলে মনে করছে রাজনৈতিক মহল এডিশনাল বিডিও ভৈরব পাল জানান, বগাফা ব্লকের অন্তর্গত ৪৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথেই সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব চলে। ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় ।ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই সমস্ত পোল হওয়া ব্যালট বাক্স কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সংশ্লিষ্ট রিসিভিং সেন্টারে জমা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যালট বাক্সের সুরক্ষায় স্ট্রং রুমে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা নজরদারি এবং বাইরে পুলিশি মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে আজই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে। এবারের নির্বাচনে বগাফা ব্লকে সামগ্রিক গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ৮২.৩৭ শতাংশ। এই বিপুল ভোটদান প্রমাণ করে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা এখনও অটুট। ভোট সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন এবং গুগল স্প্রেডশিটে আপলোড করা হয়েছে বলে জানিয়েছেন এডিশনাল বিডিও। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১-২ দিনের মধ্যেই নবনির্বাচিত প্রতিনিধিদের জন্য প্রয়োজনীয় নিয়োগ ও প্রশিক্ষণ (Training) প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগামী ৫ই অক্টোবর বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি বিদ্যামন্দিরে এই নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। সেদিনই নির্ধারিত হবে বগাফা ব্লকের ১১৬টি আসনের ভাগ্য। এখন গোটা বগাফার নজর ৫ই অক্টোবরের দিকে।
বগাফায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন পঞ্চায়েত নির্বাচন, গড় ভোট ৮২.৩৭%, গণনা ৫ই অক্টোবর
6
