বিলোনিয়া,৩ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিলোনিয়া এসপি অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো মাসিক অপরাধ ও প্রশাসনিক সম্মেলন।
দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, অপরাধ প্রবণতা এবং প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কার্যকর পুলিশিং নিশ্চিতকরণ, দ্রুত ও মানসম্মত তদন্ত এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে আরও তৎপর ও জনমুখী হতে হবে।
সম্মেলনে দায়িত্বনিষ্ঠা, দক্ষতা ও অসামান্য কর্মসম্পাদনের জন্য জেলার বিভিন্ন পুলিশ আধিকারিক ও কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ), জেলার সকল এসডিপিও, ডিএসপি, থানা ও ফাঁড়ির অফিসার-ইন-চার্জ, সিটিআই এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণমুখী পুলিশিংয়ের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।

