ডেস্ক রিপোর্ট, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনে ভাঙন! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেই বিদ্রোহ করলেন দুই কমিশনার। ভোটার তালিকা সংশোধন নিয়ে চরম বিতর্কে নির্বাচন কমিশন।
কে এই জ্ঞানেশ কুমার?
১৯৮৮ ব্যাচের কেরালা ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। তিনি আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, পড়াশোনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও। মোদী সরকারের সবচেয়ে আস্থাভাজন অফিসার বলেই পরিচিত তিনি।
জানা যায়, ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে রাম জন্মভূমি ট্রাস্ট গঠন, সব বড় সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন এই জ্ঞানেশ কুমারই। ২০২৪ সালের জানুয়ারিতে অবসর নেওয়ার মাত্র ২ মাসের মধ্যেই ২০২৪ সালের মার্চে তাঁকে নির্বাচন কমিশনার করা হয়, আর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি সরাসরি দেশের ২৬তম মুখ্য নির্বাচন কমিশনার হন। তাঁর মেয়াদ ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত।
কি নিয়ে বিতর্ক?
সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ Special Intensive Revision (SIR) এবং ডেটাবেস কেন্দ্রীকরণ নিয়ে একাই সিদ্ধান্ত নিচ্ছেন জ্ঞানেশ কুমার। অভিযোগ উঠছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আনুষ্ঠানিকভাবে ভিন্নমত জানিয়েছেন অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী।যদিও কমিশনের দাবি, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
এই ঘটনার পর বিরোধীদের দাবি, নির্বাচন কমিশন আর স্বাধীন নেই। এখন দেখার বিষয়, জ্ঞানেশ কুমারের আমলে দেশে অবাধ ও সুষ্ঠু ভোট কতটা সম্ভব হয়।

