Home দেশ“স্যার” না বলে “ভাই” ডাকায় ক্ষুব্ধ ডাক্তার | ২ বছরের শিশু বিনা চিকিৎসায় ফেরত

“স্যার” না বলে “ভাই” ডাকায় ক্ষুব্ধ ডাক্তার | ২ বছরের শিশু বিনা চিকিৎসায় ফেরত

by Pravakar Baidya
0 comments 6 views

বাংলাদেশ, ২৮ জুলাই: “স্যার” না বলে “ভাই” সম্বোধন করায় জরুরি বিভাগ থেকে ২ বছরের শিশুকে চিকিৎসা না দিয়েই ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।ঘটনাটি ঘটেছে রোববার (২৬ জুলাই) দুপুরে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার ২ বছর বয়সী ছেলে রুজায়াইনকে বিড়াল আঁচড়ানোর চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।তানভীর হাসানের অভিযোগ, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামকে সালাম দিয়ে “ভাই” বলে শিশুর সমস্যার কথা জানান তিনি। এসময় চিকিৎসক জানান, বিড়ালের আঁচড়ের টিকা হাসপাতালে নেই এবং বিকেলে আসতে বলেন।এরপর যোগাযোগের জন্য চিকিৎসকের মুঠোফোন নম্বর চাইলে পরিস্থিতির অবনতি হয়। তানভীরের দাবি, “একজন বিসিএস ক্যাডারকে ভাই বলে ডাকেন” – এমন মন্তব্য করে ক্ষুব্ধ হন ডাক্তার। একপর্যায়ে তিনি তাদের চলে যেতে বলেন।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রোগীর স্বজন বলছেন, “প্রথমে ঢুকেই আপনাকে সালাম দিলাম, এরপর ভাই বললাম। আপনি কোন গেজেটেড অফিসার যে আপনাকে ভাই বলা যাবে না?” জবাবে চিকিৎসক বলেন, “আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।”তানভীর হাসান বলেন, “আমি অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসার আশায় হাসপাতালে গিয়েছিলাম। সম্মান করেই কথা বলেছি। কিন্তু ‘ভাই’ বলায় তিনি বিরক্ত হন। পরে চিকিৎসা না দিয়েই ফিরিয়ে দেন।”এ বিষয়ে ডা. মো. আরিফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, “ডা. আরিফুল দায়িত্বশীল চিকিৎসক। ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝি। রোগী নম্বর চাইলে অফিসিয়াল নম্বর দেওয়া যেত। ভিডিওতে ‘ভাই’ বলতে নিষেধ করার বিষয়টি স্পষ্ট নয়।”ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment