নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,২৮ আগস্ট :* হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যেই রাজ্যজুড়ে পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। কুমোরটুলিতে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা, অন্যদিকে বিভিন্ন ক্লাব ও পুজা কমিটিগুলো মন্ডপ তৈরির কাজে ব্যস্ত।
এরই অঙ্গ হিসেবে শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার স্থিত পূর্ব পাড়া দুর্গা পুজা কমিটির খুঁটি পুজা সম্পন্ন করা হয় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই খুঁটি পুজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য সহ এলাকার বিশিষ্টজনেরা।
এবছর ৪০ তম বর্ষে পা দিতে চলেছে পূর্ব পাড়া পুজা কমিটি। ৪০ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে এবছর তাদের পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা।
ক্লাব সূত্রে জানা যায়, এবছরের পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কলকাতার সুবিখ্যাত কারিগর দ্বারা তৈরি সুসজ্জিত প্যান্ডেল এবং চোখ ধাঁধানো আলোকসজ্জা। এবছর তাদের পুজোর থিম রাখা হয়েছে – “মাটির ঘরের দুর্গা সাজে কাল্পনিক থিম”। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতেই এই থিম বলে জানান উদ্যোক্তারা। মাটির ঘরের আদলে তৈরি হবে মন্ডপ, যেখানে থাকবে গ্রামীণ শিল্পকলার ছোঁয়া।
শুধু পুজোই নয়, পুজোকে কেন্দ্র করে সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দিচ্ছে পূর্ব পাড়া পুজা কমিটি। পুজোর তিনদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, নেশা মুক্ত ত্রিপুরা এবং রোড সেফটি নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি।
এদিনের এই খুঁটি পুজা অনুষ্ঠান সম্পর্কে ক্লাবের সদস্যরা জানান, প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের নতুন কিছু উপহার দিতে তারা প্রস্তুত। সকলকে পুজো মন্ডপে আসার আমন্ত্রণ জানান তারা। খুঁটি পুজোর মধ্য দিয়ে শান্তিরবাজারে এবছরের দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হলো বলেই মনে করছেন এলাকাবাসী।

