নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,২৮ আগস্ট : রাখি বন্ধন শুধু ভাই-বোনের ভালোবাসার উৎসব নয়, এই উৎসবের মধ্য দিয়ে তৈরি হয় স্নেহ, বিশ্বাস, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অটুট বন্ধন। সেই ভাবনাকেই সামনে রেখে রাখি বন্ধন উৎসব উপলক্ষে শান্তিরবাজার থানায় আয়োজন করা হলো এক বিশেষ অনুষ্ঠানের। “বন্ধন স্নেহের বন্ধন”—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
এদিন শান্তিরবাজার থানার মহিলা পুলিশ কর্মীরা থানার পুরুষ পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন। কর্মব্যস্ত পুলিশ জীবনের মধ্যেও উৎসবের এই মুহূর্তে সহকর্মীদের মধ্যে দেখা যায় আন্তরিকতা ও আনন্দের পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত এক মহিলা পুলিশ কর্মী জানান, রাখি বন্ধনের মতো একটি বিশেষ দিনে সহকর্মীদের হাতে রাখি পরাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
*এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—*
শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা, শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত, এসআই সমীর বিশ্বাস ও স্বপন সেন। এছাড়াও শান্তিরবাজার ফরেস্ট অফিসের কর্মীরা এবং মনপাথর থানার পুলিশ কর্মীরাও উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেন।
শুধু পুলিশ প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এদিনের আয়োজন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। ভারতীয় মজদুর সংঘের কর্মীরা, শান্তিরবাজার কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার মণ্ডলের সভাপতি দেবাশিস ভৌমিক, দক্ষিণ জেলার জেলা সম্পাদক সুমন দেবনাথ, শান্তিরবাজার পৌর পরিষদের পৌরমাতা শ্রীমতি স্বপ্না বৈদ্য এবং ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা।
রাখি পরানোর পাশাপাশি উপস্থিত সকলেই একে অপরকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান এবং শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এমনকি কর্তব্যরত সাংবাদিকদেরও রাখি পরিয়ে সম্মান জানানো হয়।
সৌহার্দ্য, স্নেহ ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শান্তিরবাজার থানায় পালিত হয় এবারের রাখি বন্ধন উৎসব।

