দুর্গাপূজায় চাঁদাবাজি করলেই কঠোর অ্যাকশন, বাইখোরা থানায় পুলিশের বৈঠকে হুঁশিয়ারি

by Pravakar Baidya
0 comments 10 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, প্রভাকর বৈদ্য, ৪ অক্টোবর:

আসন্ন শারদীয়া দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর বাইখোরা থানার পুলিশ। রবিবার বাইখোরা থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা সভার। এই সভায় বাইখোরা ও জোলাইবাড়ি এলাকার বিভিন্ন দুর্গাপূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা, বাইখোরা থানার ওসি অরুণোদয় দাস, জোলাইবাড়ি ফারি থানার পুলিশ ইনচার্জ খোকন চন্দ্র দাস, এলাকার উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বাইখোরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরের কার্তিক মাধব প্রভু।

সভায় মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা পূজা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, দুর্গাপূজা হলো বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে হবে কমিটির সদস্যদের। তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে রাত্রিকালীন প্রহরীর ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। পূজা মণ্ডপে পর্যাপ্ত আলো, সিসিটিভি এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও প্রতিমা নিরঞ্জনের সময় প্রশাসনের দেওয়া নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করতে হবে। ডিজে এবং উচ্চ শব্দের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে বলেও জানান তিনি।এদিনের সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল চাঁদাবাজি নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এবার দুর্গাপূজার নামে কোনো ধরনের জোরপূর্বক চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যদি কোনো ক্লাব বা পূজা কমিটির বিরুদ্ধে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সেই ক্লাবের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি অরুণোদয় দাস জানান, চাঁদাবাজির অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষ সরাসরি থানায় যোগাযোগ করতে পারবেন। পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে আছে। এলাকার পূজা কমিটির সদস্যরা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে পূজা পরিচালনার আশ্বাস দিয়েছেন।

banner

Leave a Comment