নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ জুলাই: রাজ্যে রাজনৈতিক শিষ্টাচার ও ভাষা প্রয়োগের সীমা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি এক পুলিশ সুপার (SP) পদমর্যাদার আধিকারিককে রাজ্যের একজন শীর্ষ বিরোধী দলনেতা কর্তৃক ‘ইডিয়ট’ (Idiot) বলে সম্বোধন করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিরবাজারের বিশিষ্ট ও প্রবীণ ব্যবসায়ী প্রদীপ দেবনাথ, যিনি এলাকায় ‘হেলো মজুমদার’ নামেই সমধিক পরিচিত। এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে প্রবীণ এই ব্যবসায়ী বলেন, “একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এই ধরণের শব্দ কি আদৌ মানায়? এটা কি কোনো সুস্থ রাজনীতির ভাষা হতে পারে? ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, এই ধরণের কুরুচিকর শব্দ কোনোদিনও কোনো সাধারণ মানুষের বিবেকে সায় দেবে না। উনার মতো একজন বড় মাপের ব্যক্তিত্বের কাছ থেকে এই ধরণের শব্দ আশা করা যায় না।” ক্ষোভপ্রকাশের পাশাপাশি রাজ্যের বিগত রাজনৈতিক পরিস্থিতির দিকে আঙুল তুলে হেলো মজুমদার আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং বিগত ৩৫ বছর ক্ষমতায় থাকার সময়ে উনারা যে ধরণের পরিবেশ তৈরি করেছিলেন—সেই ডুপ্লিসিটি, বাটপারি, চিটিংবাজি ও সন্ত্রাসের রাজনীতি মানুষ ভুলে যায়নি। জনগণ কি বোকা? মানুষ এখন একশো ভাগ সচেতন এবং সব বোঝে। উনারা ভাবছেন এই ধরণের কথা খুব সহজ, কিন্তু বাস্তবে এটা অত্যন্ত কঠিন এবং কোনো রাজনৈতিক দলের পক্ষেই এমন আচরণ শোভা পায় না।” শান্তিরবাজারের এই প্রবীণ ব্যবসায়ীর ক্ষোভের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের একাংশের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সরকারি উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিককে প্রকাশ্যে এই ধরণের ভাষায় আক্রমণ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিরবাজার সহ গোটা মহকুমাজুড়েই এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।
