নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ জুলাই: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে বেপরোয়া গতির একটি অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আহতের নাম পঞ্চানন্দ রায় (পিতা: মৃত সুচিত্র রায়)। তিনি শান্তিরবাজারের সুভাষ কলোনি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার শান্তিরবাজার থেকে বাড়ি ফেরার পথে পঞ্চানন্দ রায় ও তাঁর এক সহযোগীকে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা মারে। এতে দু’জনই গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের খবর পেয়ে শান্তিরবাজার দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসক সূত্রে জানা গেছে, পঞ্চানন্দ রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর সঙ্গে থাকা অপর আহত ব্যক্তির পরিচয় এবং শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
ঘটনার পর দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইকটির নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।
ইতিমধ্যে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক মোটরসাইকেল চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এলাকায় বেপরোয়া বাইক চালানো বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

