নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলার ৩৮ জোলাইবাড়ি বিধানসভা যুব মোর্চার উদ্যোগে বাইখোড়ায় বীর শহীদ অমল সরকারের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে শহীদ অমল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে তাঁর আত্মত্যাগকে স্মরণ করা হয়।শহীদ অমল সরকার ছিলেন সশস্ত্র সীমা বলের একজন বীর জওয়ান তথা সাব-ইন্সপেক্টর। ২০১৭ সালের ৯ মে অসমের কোকরাঝাড়ে এনডিএফবি জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ করার সময় তিনি অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে দেশের জন্য আত্মবলিদান দেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।জানা যায়, ওই দিন দুপুর আড়াইটার দিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র গুলিবিনিময় শুরু হয়। এনকাউন্টারের সময় সাহসিকতার সঙ্গে লড়াই করতে গিয়ে সাব-ইন্সপেক্টর অমল সরকার গুরুতর জখম হন এবং পরবর্তীতে দেশের জন্য শহীদ হন। ওই অভিযানে একজন অজ্ঞাতপরিচয় জঙ্গিও নিহত হয়।শহীদ অমল সরকারের আত্মত্যাগের কথা স্মরণ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩৮ জোলাইবাড়ি মণ্ডল যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরী। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ অমল সরকারের আত্মত্যাগ আগামী প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮ জোলাইবাড়ি মণ্ডল সভাপতি সুজিত দত্ত, জোলাইবাড়ি মণ্ডল যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরী, দক্ষিণ ত্রিপুরা জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুদীপ গোপ, দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সদস্য নিতীশ দেবনাথ, জোলাইবাড়ি যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস-সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীরা।শহীদ অমল সরকারের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর আদর্শ ও দেশপ্রেমকে সামনে রেখে আগামী দিনেও সমাজ ও দেশের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।
5
