Home ত্রিপুরাশ্রম আইন, বিদ্যুৎ বিলসহ ১১ দফা দাবির ভিত্তিতে শান্তিরবাজারে জেলভরো আন্দোলন, ব্যারিকেড ভেঙে গ্রেপ্তার আন্দোলনকারীরা।

শ্রম আইন, বিদ্যুৎ বিলসহ ১১ দফা দাবির ভিত্তিতে শান্তিরবাজারে জেলভরো আন্দোলন, ব্যারিকেড ভেঙে গ্রেপ্তার আন্দোলনকারীরা।

by Pravakar Baidya
0 comments 55 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ১০ আগস্ট : গোটা দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন জনমুখী দাবিকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমায় জেলভরো আন্দোলন কর্মসূচি পালন করল সিআইটিইউ, জিএমপি, সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। সোমবার পতিছড়ি ড্রপগেট সংলগ্ন সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে আন্দোলনকারীদের মিছিল শুরু হয়।মিছিল পতিছড়ি বাজার থেকে শান্তির বাজারের দিকে কিছুটা এগোতেই পুলিশ প্রশাসন প্রথমবার মিছিল আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তা ভেঙে সামনের দিকে এগিয়ে যান সিপিআইএম নেতা-কর্মী ও সমর্থকরা। এরপর আরও কিছুটা এগোতেই বিশাল পুলিশ বাহিনী ফের মিছিলের পথ রুদ্ধ করে। শেষ পর্যন্ত পুলিশ আন্দোলনকারীদের আটক করে গ্রেপ্তার করে এবং পতিছড়ি বাজারে বেশ কিছুক্ষণ তাদের আটক করে রাখা হয়। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় পরিষদের সদস্য পরীক্ষিত মুড়াসিং, এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক আশুতোষ দেবনাথ, সিআইটিইউ মহকুমা সম্পাদক কমল সরকার, জিএমপি নেতা চণ্ডীদাস জমাতিয়া-সহ অন্যান্য নেতৃত্ব।
বক্তারা শ্রম আইন বাতিলের প্রতিবাদ, শ্রমিকদের ন্যায্য মজুরি, মূল্যবৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিলসহ ১১ দফা দাবি তুলে ধরেন।
পরবর্তীতে শান্তিরবাজার মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। আলোচনা শেষে আটক আন্দোলনকারীদের কারামুক্ত করা হয়। ১১ দফা দাবিকে সামনে রেখে এই জেলভরো আন্দোলনকে কেন্দ্র করে এদিন শান্তিরবাজারে অন্তর্গত মহকুমায় প্রতিছড়ি ড্রপগেট উত্তেজনা ছড়ায় এবং আন্দোলনস্থলে ব্যাপক সংখ্যক কর্মী-সমর্থকের জমায়েত লক্ষ্য করা যায়।

Leave a Comment