Home ত্রিপুরাআধুনিক কৃষিতে নতুন দিশা, রাজনগরে শুরু ফার্মার রেজিস্ট্রি রাজনগর

আধুনিক কৃষিতে নতুন দিশা, রাজনগরে শুরু ফার্মার রেজিস্ট্রি রাজনগর

by Pravakar Baidya
0 comments 13 views

রাজনগর,১২ আগস্ট: আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাজ্য কৃষি দফতরের উদ্যোগে চালু করা হয়েছে ‘ফার্মার রেজিস্ট্রি’। কৃষকদের তথ্য একটি নির্দিষ্ট ব্যবস্থার আওতায় নথিভুক্ত করার মাধ্যমে ভবিষ্যতে সরকারি কৃষি প্রকল্প ও বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। রাজনগর কৃষি দফতরের আধিকারিক দীপক চন্দ্র দাস কৃষকদের দ্রুত এই রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ফার্মার রেজিস্ট্রিতে নাম নথিভুক্ত না থাকলে ভবিষ্যতে কৃষি দফতরের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই রাজনগর এলাকার সমস্ত কৃষককে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য তিনি অনুরোধ জানান। কৃষি আধিকারিক জানান, কৃষকরা চাইলে নিজের স্মার্টফোনের মাধ্যমে অথবা সরাসরি স্থানীয় কৃষি দফতরের অফিসে গিয়ে ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন। কৃষকদের সুবিধার্থে কৃষি দফতরের কর্মীরাও প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে জানা গেছে। তিনি আরও জানান, আগামী দিনে ধান সংগ্রহের ক্ষেত্রেও এই রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে দ্বিতীয় সেশনে ধান কেনার সময় ফার্মার রেজিস্ট্রেশন যাচাই করা হতে পারে। ইতিমধ্যেই গোমতী ও পশ্চিম ত্রিপুরা জেলায় এই নীতি কার্যকর হয়েছে বলে তিনি জানান। রাজনগর এলাকাতেও বিষয়টি গুরুত্ব সহকারে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি দফতর সূত্রে জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফার্মার রেজিস্ট্রেশন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। রাজনগর কৃষি দফতরের পক্ষ থেকে এলাকার সমস্ত কৃষককে এই উদ্যোগে অংশগ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে কৃষকদের যুক্ত করে কৃষি পরিষেবাকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করে তুলতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষি দফতর।

Leave a Comment