নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১৩ আগস্ট: ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়ম ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল শান্তিরবাজার।এই ঘটনার প্রতিবাদে শান্তিরবাজার নগর শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP-র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর প্রশাসনের পদক্ষেপের তীব্র নিন্দা জানান।উপস্থিত ছিলেন ABVP শান্তিরবাজার শাখার মহকুমা সংযোজক সায়ন দত্ত, দক্ষিণ জেলা অর্গানাইজিং সেক্রেটারি অনিমেষ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, নিজেদের ন্যায্য দাবি নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকারের পুলিশ প্রশাসনের এই ধরনের কঠোর পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। উল্লেখ্য, ঝাড়খণ্ডে ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং একাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে।শান্তিরবাজারের বিক্ষোভ মিছিল থেকে বক্তারা ছাত্রদের দাবি দ্রুত সমাধান করা, আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রতীকী কুশপুতুল দাহ করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদ্যার্থী পরিষদের কর্মী-সমর্থকরা।বিক্ষোভকারীদের বক্তব্য, ছাত্রসমাজের ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ নিয়ে কোনও ধরনের আপস করা হবে না। ঝাড়খণ্ডে ছাত্রদের দাবির যথাযথ সমাধান না হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
ঝাড়খণ্ডে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শান্তিরবাজারে বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ
12
