ডেস্ক রিপোর্ট, কলকাতা ,২৭ আগস্ট: কলকাতার বুকে এমন কাণ্ড! স্বামী-স্ত্রীর খুনসুটি যে এই পর্যায়ে পৌঁছতে পারে তা হয়তো এই ঘটনা না দেখলে বিশ্বাসই হতো না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে কলকাতার বিখ্যাত SSKM হাসপাতালের একটি প্রেসক্রিপশন। আর সেই প্রেসক্রিপশনে ডাক্তারের দেওয়া পরামর্শ দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী এক ব্যক্তি সম্প্রতি SSKM হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসা করাতে আসেন। হাতে তীব্র ব্যথা, লাল হয়ে যাওয়া এবং ফুলে যাওয়ার সমস্যা ছিল তাঁর।চিকিৎসক কারণ জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি জানান, গত রাতে পারিবারিক অশান্তির জেরে তাঁর স্ত্রী তাঁকে কামড়ে দিয়েছেন। আর তার জেরেই এই অবস্থা।রোগীর মুখে এমন কথা শুনে প্রথমে খানিকটা অবাকই হন চিকিৎসক। এরপর যথারীতি ওষুধ লেখেন। কিন্তু আসল চমক ছিল Advice লেখার জায়গায়।
প্রেসক্রিপশনে কী লিখলেন ডাক্তার?
ভাইরাল হওয়া প্রেসক্রিপশনের ছবিতে দেখা যাচ্ছে, ডাক্তারবাবু ওষুধের পাশাপাশি Advice এর ঘরে ইংরেজিতে লিখে দিয়েছেন – “Keep Distance From WIFE” অর্থাৎ বউ থেকে দূরে থাকুন!ব্যস, এই লেখাটুকুই এখন নেট দুনিয়ায় সুপারহিট।
নেটিজেনদের প্রতিক্রিয়া:
এই ছবি সামনে আসতেই হাসির রোল উঠেছে ফেসবুক থেকে শুরু করে এক্স হ্যান্ডেলে। একজন লিখেছেন, “ডাক্তারবাবু একেবারে ব্রহ্মাস্ত্র দিয়ে দিয়েছেন।” আরেকজনের মন্তব্য, “এই পরামর্শ মানা কি আদৌ সম্ভব? বাড়িতে থাকতে দেবে তো?”অনেকেই আবার বলছেন, ঘটনাটি মজার আড়ালে পারিবারিক কলহের এক ভয়াবহ ছবিও তুলে ধরছে। সামান্য অশান্তি থেকে যে বড়সড় শারীরিক আঘাত লাগতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।যদিও SSKM হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই প্রেসক্রিপশন নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নেটিজেনদের কাছে এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় বিনোদনের খোরাক।

