নেট ই নিউজ প্রতিনিধি, শান্তিরবাজার, ১৫ অক্টোবর: দুর্গাপূজার প্রাক্কালে নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শান্তিরবাজার থানার পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫০ হাজার টাকারও বেশি বাজারমূল্যের বিলাতি মদ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শান্তিরবাজার থানার ওসি রাজু দত্তের নেতৃত্বে দুর্গাপূজাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে পুলিশের তিনটি পৃথক দল অংশগ্রহণ করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই সমীর বিশ্বাস এবং এসআই স্বপন সেন-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজার সময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নেশাজাতীয় সামগ্রীর অবৈধ কারবার রুখতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া বিলাতি মদের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকারও বেশি বলে জানিয়েছেন শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত।
দুর্গাপূজার আনন্দ ও উৎসবের পরিবেশে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ওসি রাজু দত্তের নেতৃত্বে পুলিশের এই অভিযানে বড়সড় সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। পাশাপাশি, অবৈধভাবে মদ বিক্রি এবং এই ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সতর্ক করে ওসি রাজু দত্ত জানান, এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। অন্যথায়, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপূজাকে সামনে রেখে শান্তিরবাজার থানার পুলিশের এই নেশাবিরোধী অভিযান এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মদের কারবার নিয়ন্ত্রণে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
