Home রাজ্যমন্ত্রীর কেন্দ্রেই 8 বছরের বেহাল রাস্তা! পথে নামলেন গ্রামবাসী

মন্ত্রীর কেন্দ্রেই 8 বছরের বেহাল রাস্তা! পথে নামলেন গ্রামবাসী

ফটিকরায়ের তেঘরিতে বেহাল রাস্তার প্রতিবাদ। যান চলাচল বন্ধ। পঞ্চায়েতের 1 সপ্তাহের মধ্যে কাজ শুরুর আশ্বাস।

by Pravakar Baidya
0 comments 27 views

ত্রিপুরা, ঊনকোটি , ২০ জুলাই : দীর্ঘ আট বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা। প্রতিবাদ জানিয়েও মেলেনি কোনো সমাধান। বাধ্য হয়ে এবার পথ অবরোধে নামলেন গ্রামবাসীরা। আর এই ঘটনা ঘটেছে খোদ রাজ্যের মন্ত্রীর বিধানসভা কেন্দ্রেই।ঘটনাটি ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকার তেঘরি গ্রামের। সোমবার জগন্নাথপুর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কৈলাশহর-কুমারঘাট হয়ে ফটিকরায়গামী সড়ক অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় আট বছর ধরে এলাকার প্রধান সংযোগ সড়কটির বেহাল দশা। বর্ষায় কাদা-জলে চলাচল কার্যত অসম্ভব। স্কুল-কলেজের পড়ুয়া থেকে কর্মজীবী সকলেই চরম ভোগান্তির শিকার।গ্রামবাসীদের আরও অভিযোগ, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে এলাকার মানুষ রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাসের কাছে গিয়েছিলেন। তখন মন্ত্রী নিজে আশ্বাস দিয়েছিলেন ভোটের পর দ্রুত কাজ শুরু হবে। কিন্তু দুই বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি আজও অধরা।অবরোধের জেরে রাস্তার দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফটিকরায় থানার পুলিশ এবং জগন্নাথপুর পঞ্চায়েতের প্রতিনিধিরা।এ বিষয়ে জগন্নাথপুর পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ মালাকার বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।” পঞ্চায়েতের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা। তবে তাদের হুঁশিয়ারি, এবারও প্রতিশ্রুতি রক্ষা না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।আট বছরের অপেক্ষা, অসংখ্য প্রতিশ্রুতি আর শেষে রাস্তা অবরোধ। এখন দেখার প্রশাসনের নতুন আশ্বাস কতটা বাস্তবায়িত হয়।

Leave a Comment