ডেস্ক রিপোর্ট, ১৪ সেপ্টেম্বর: মনোশ্রীর চিকিৎসাকে ঘিরে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হলো।
অভিযোগ, গতকাল রাতে সামাজিক মাধ্যমে লাইভে এসে স্বাস্থ্য দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিকে ‘ভুয়ো’ বলে দাবি করেন সাসপেন্ডেড নেতা রাজা সাহা। তার এই বক্তব্যে বিভ্রান্তি ছড়ায় বলে অভিযোগ।
কিন্তু আজ সকালে দেখা যায়, নিজের ফেসবুক প্রোফাইল থেকেই ওই লাইভ ভিডিওটি ডিলিট করে দিয়েছেন তিনি।
গতকালের লাইভে তিনি সংবাদমাধ্যমকে নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন। এমনকি স্বাস্থ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গও তুলেছিলেন বলে জানা গেছে।
এখন প্রশ্ন উঠছে, যদি বিজ্ঞপ্তিটি সত্যিই ভুয়ো হয়, তাহলে লাইভ ডিলিট করা হলো কেন? আর যদি বিজ্ঞপ্তিটি সরকারি তথ্য দপ্তর থেকে পাঠানো বৈধ নথি হয়, তাহলে স্বাস্থ্য দপ্তরকে কালিমালিপ্ত করার দায় কে নেবে?
গতকাল বলা হয়েছিল ক্ষমা চাইতে হবে, আজ লাইভ ডিলিট হওয়ার পর প্রশ্ন উঠছে – এখন ক্ষমা চাইবেন কে?
মনোশ্রীর চিকিৎসার মতো একটি সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে সরকারি দপ্তরের বিজ্ঞপ্তি নিয়ে এমন বিভ্রান্তি কেন ছড়ানো হলো এবং হঠাৎ করেই বা কেন লাইভ ডিলিট করে দেওয়া হলো, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় সাধারণ মানুষ।

