নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া,২৮ আগস্ট : বিলোনীয়ায় এনডিপিএস মামলায় বড় রায়। ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা সহ ধৃত যুবককে ১০ বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। এই প্রথম বিলোনীয়ায় এনডিপিএস মামলায় এত বড় সাজা ঘোষণা হলো।
দক্ষিণ ত্রিপুরা জেলার স্পেশাল দায়রা জজ গোবিন্দ দাস শুক্রবার এই রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত কেশব লাল দাস ওরফে কেশবকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১২ই এপ্রিল ২০২৫। পি আর বাড়ি থানার অন্তর্গত রাধানগর জহর টিলা এলাকার যুবক কেশব লাল দাস কাঁধে বস্তা নিয়ে ঘোষখামার থেকে রাধানগরের দিকে যাচ্ছিল। তখনই পি আর বাড়ি থানার পুলিশ সন্দেহজনকভাবে তাকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা।
এসআই নির্মল দেববর্মা ঘটনার বিবরণ দিয়ে পি আর বাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর – ১৫/২৫। ভারতীয় এনডিপিএস আইনের ২০(বি)(ii)(সি) / ২৯ ধারায় মামলা রুজু হয়। মামলার প্রথম তদন্তকারী অফিসার ছিলেন এসআই সুজিত সরকার এবং দ্বিতীয় আইও এসআই শিশু কুমার দেববর্মা আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ শুনানি ও ১৪ জনের সাক্ষ্য গ্রহণের পর শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন স্পেশাল জজ।মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুব্রত ভট্টাচার্য। বিলোনীয়ায় এই প্রথম কোনো এনডিপিএস মামলায় দোষীকে এত বড় শাস্তির নির্দেশ দিলেন জেলার স্পেশাল জজ। এই রায়ে খুশি পুলিশ প্রশাসন। এই রায়ের পর মাদক পাচারকারীদের মধ্যে ভয় বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিলোনিয়ায় NDPS মামলায় বড় রায় | ২৯ কেজি গাঁজা সহ ধৃত যুবকের ১০ বছরের জেল, ১ লাখ টাকা জরিমানা
3
