ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ, ২৯ আগস্ট: শরতের আকাশে সাদা মেঘের ভেলা, কাশবনে পুজোর আগমনী সুর। সারা বাংলায় এখন প্রতিমা তৈরির ধুম। কুমোরটুলিতে ব্যস্ত শিল্পীরা। কিন্তু এরই মাঝে এক অন্যরকম চমক দিতে চলেছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার ব্রহ্মরাজপুর সর্বজনীন দুর্গা মন্দির।এখানে মাটি বা খড় দিয়ে নয়, তৈরি হচ্ছে এক অদ্ভুত দুর্গা প্রতিমা – পুরোটাই দেশলাই কাঠি দিয়ে!হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রায় দেড় লাখেরও বেশি দেশলাই কাঠি দিয়ে তৈরি করা হচ্ছে মা দুর্গার ৮ ফুট উচ্চতার পূর্ণাঙ্গ প্রতিমা। মাটির মূল কাঠামোর উপর এক এক করে বসানো হচ্ছে দেশলাই কাঠি। তার উপর ১০ কেজি রেশমি সুতা দিয়ে তৈরি হচ্ছে মায়ের শাড়ি, গয়না এবং সিংহের কেশর। চারজন দক্ষ শিল্পী দিনরাত পরিশ্রম করে চলেছেন এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে।এই অভিনব উদ্যোগের মূল কারিগর শিল্পী নবদ্বীপ সরকার। তিনি জানান, এই বিশেষ কৌশল তিনি শিখেছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে। দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর তিনি এই কাজে হাত দিয়েছেন। তাঁর দাবি, বাংলাদেশে এত বড় আকারে দেশলাই কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরির ঘটনা এটাই প্রথম।মণ্ডপ কমিটির সভাপতি গৌতম কুমার বিশ্বাস বলেন, “আমরা প্রতি বছরই কিছু নতুন করার চেষ্টা করি। গত বছর আমরা ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করে সবার নজর কেড়েছিলাম। সারা দেশে সেই প্রতিমা ভাইরাল হয়েছিল। এবার আমরা আরও বড় চমক দিতে চাই। তাই এবারের আয়োজন দেড় লাখ দেশলাই কাঠির দুর্গা। এই প্রতিমা তৈরিতে আমাদের বাজেট প্রায় ৫ লাখ টাকা।”তবে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন – দেশলাই কাঠি, আগুন লাগবে না তো?এই প্রশ্নের উত্তরে মণ্ডপ কমিটি জানিয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কাঠিতে বিশেষ অগ্নি-নিরোধক রাসায়নিক প্রলেপ দেওয়া হয়েছে। এছাড়া মণ্ডপে থাকবে অগ্নি নির্বাপক যন্ত্র এবং ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক।এখনো দুর্গাপুজো শুরু হতে প্রায় এক মাস বাকি, তার আগেই এই অর্ধ-সমাপ্ত প্রতিমা দেখতে ব্রহ্মরাজপুরে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। স্থানীয়রা বলছেন, সাতক্ষীরা জেলার প্রায় ৫০০টি পূজা মণ্ডপের মধ্যে এবার ব্রহ্মরাজপুরের এই দেশলাই কাঠির দুর্গাই সেরা আকর্ষণ হতে চলেছে।জেলা পূজা উদযাপন পরিষদও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
দেড় লাখ দেশলাই কাঠি দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা, বাংলাদেশে প্রথমবার
1
