ডেস্ক রিপোর্ট, আগরতলা, ১১ অক্টোবর : *ত্রিপুরায় যানবাহনের উপর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, একাধিক গাড়ি থাকলেই গুনতে হবে বাড়তি ট্যাক্স!*
যানজট কমাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে একই পরিবারের যদি একাধিক গাড়ি থাকে, তাহলে দিতে হবে অতিরিক্ত ট্যাক্স। এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
শনিবার এডি নগর পুলিশ লাইনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে ট্রাফিক সামলানো মুশকিল হয়ে পড়ছে। তাই যাদের একাধিক ব্যক্তিগত গাড়ি রয়েছে, তাদের উপর অতিরিক্ত কর বসানোর পরিকল্পনা করছে সরকার।
পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা-বেচা নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে পুরনো বাইক, স্কুটি বা গাড়ি বিক্রি করতে হলে নিকটবর্তী থানা থেকে অনুমতি নিতে হবে।
শুধু তাই নয়, যারা ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, তাদেরও থানায় গিয়ে প্রমাণ দিতে হবে যে তাদের বাড়িতে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। থানা থেকে NOC পাওয়ার পরই কেনা-বেচা করা যাবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

