নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,২৬ আগস্ট: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো অমৃত ঘট যাত্রা। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই যাত্রা যথাযোগ্য মর্যাদা ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয়।
বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি থেকে মাথায় করে পবিত্র ঘট নিয়ে যাত্রা শুরু হয়। ঢাক-ঢোল ও ভক্তিগীতির তালে তালে পুরো রাস্তা পরিক্রমা করে যাত্রাটি শান্তিরবাজার আশ্রম টিলা শিব মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছায়। সেখানে ধর্মীয় রীতি মেনে অমৃত ঘট স্থাপন করা হয়। এদিনের যাত্রায় উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, শান্তিরবাজার পৌর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ জেলার জেলা সম্পাদক সুমন দেবনাথ সহ দলের অন্যান্য কার্যকর্তা ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ। মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে অমৃত ঘট দর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে।
