খোয়াই , ৬ সেপ্টেম্বর: ভিলেজ কমিটির নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হেজামারা ব্লকের খোয়াই চৌমুহনী এলাকা। নমিনেশন জমা দিয়ে ফেরার পথে তিপ্রা মথার প্রার্থী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে অবরোধকারীদের একাংশের বিরুদ্ধে।ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার তিপ্রা মথার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়ে ওই রাস্তা অর্থাৎ অবরোধস্থল অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের তরফে পরিস্থিতি সামাল দিতে ওই পথ দিয়ে না গিয়ে পায়ে হেঁটে অন্য পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।তিপ্রা মথার অভিযোগ, সেই পরামর্শকে কেন্দ্র করেই প্রথমে বচসা শুরু হয়। পরে বচসা গড়ায় হাতাহাতিতে এবং একসময় দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে অনেকেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন তিপ্রা মথার এক নেতা।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
নমিনেশন জমা দিয়ে ফেরার পথে হামলার অভিযোগ, হেজামারার খোয়াই চৌমুহনীতে উত্তেজনা
5
