নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ অক্টোবর:এক সময়ের লড়াকু নেতা, আজ সবাইকে ছেড়ে না ফেরার দেশে… শান্তিরবাজার মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ আর নেই। যিনি বিরোধীদের চোখে চোখ রেখে আওয়াজ তুলতেন, সংগঠনের জন্য দিনরাত লড়াই করতেন, তিনি আজ নীরব।দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অনেক চিকিৎসার পরেও শেষ রক্ষা হলো না। আজ, ৮ই অক্টোবর সবাইকে কাঁদিয়ে আগরতলার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর আগরতলা থেকে তার নিথর দেহ নিয়ে আসা হয় প্রিয় শহর শান্তিরবাজারে । শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামের সামনে থেকে এক শোক মিছিলের আয়োজন করা হয়। শবদেহ গাড়িতে করে তার দেহ নিয়ে যাওয়া হয় শান্তিরবাজার মণ্ডল কার্যালয়ের সামনে। সেখানে বিজেপির দলীয় পতাকায় মুড়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। মণ্ডল কার্যালয়ের সামনে তখন এক হৃদয়বিদারক দৃশ্য। একে একে সকলের চোখে জল। দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ, সকলেই শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানান। তার মৃত্যুতে যেন গোটা শান্তিরবাজার আজ স্তব্ধ হয়ে গেছে।
