Home রাজ্যপূজার আগে বৃদ্ধা মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দিয়ে মানবতার নজির গড়লো অমৃতালয় বৃদ্ধাশ্রম

পূজার আগে বৃদ্ধা মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দিয়ে মানবতার নজির গড়লো অমৃতালয় বৃদ্ধাশ্রম

by Pravakar Baidya
0 comments 8 views

নেট ই নিউজ প্রতিনিধি, বাইখোর, ৮ অক্টোবর:  উৎসবের আনন্দ তখনই সম্পূর্ণ হয়, যখন সেই আনন্দ ভাগ করে নেওয়া যায় সবার সাথে। আর সেই মানবতার বার্তা নিয়েই এগিয়ে এলো উদয়পুরের অমৃতালয় বৃদ্ধাশ্রম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা দরজায় কড়া নাড়ছে। চারিদিকে সাজো সাজো রব। কিন্তু সমাজে এমন অনেক মা আছেন, যাদের কাছে পূজা মানে শুধুই আরেকটা দিন। নতুন কাপড় তো দূরের কথা, ঠিকমতো খাওয়া জোটে না অনেকের। সেই সব অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতেই এক অনন্য উদ্যোগ নিলো অমৃতালয় বৃদ্ধাশ্রম। উদয়পুর পূর্ব গকুলপুর স্থিত অমৃতালয় বৃদ্ধাশ্রমের উদ্যোগে বৃহস্পতিবার বাইখোরা পূর্ব চড়কবাই স্কুল কর্নার সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের। এদিন এলাকার বেশ কিছু দুঃস্থ ও অসহায় বৃদ্ধা মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় আসন্ন দুর্গা পূজা উপলক্ষে।নতুন বস্ত্র হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মায়েরা। অনেকের চোখেই তখন আনন্দের জল। তারা জানান, পূজার আগে এমন উপহার পেয়ে তারা সত্যিই খুব খুশি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃতালয় বৃদ্ধাশ্রমের ফাউন্ডার চয়নিতা ভট্টাচার্য্য। তিনি জানান, শুধু বৃদ্ধাশ্রমের ভেতরেই নয়, সমাজের সকল অসহায় মায়েদের পাশে থাকতে চায় অমৃতালয়। ভবিষ্যতেও এমন সামাজিক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য রাজেশ সূত্রধর, সুকান্ত দাস, অসিত দেবনাথ, ঝুমা দাস, জয়ন্তী তারন সহ আরও অনেকে। অমৃতালয় বৃদ্ধাশ্রমের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। সত্যিই, পূজার আগে বৃদ্ধা মায়েদের মুখের এই হাসিটুকুই যেন সবচেয়ে বড় প্রাপ্তি।

Leave a Comment