উদয়পুর, ১০ আগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে উদয়পুর শহরের নিউ টাউন রোড এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের পুরনো সিনেমা হলের সামনে একটি ডাস্টবিনে প্রচুর সংখ্যক ছোট ফ্ল্যাগ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ওই ফ্ল্যাগগুলির মধ্যে জাতীয় পতাকার রং সংবলিত ত্রিবর্ণ ফ্ল্যাগও রয়েছে।স্বাধীনতা দিবস উপলক্ষে যখন গোটা দেশজুড়ে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় এমন দৃশ্য সামনে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।প্রতিবছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, বাজার এবং গুরুত্বপূর্ণ রাস্তার পাশে জাতীয় পতাকা এবং তেরঙা রঙের বিভিন্ন সামগ্রী দিয়ে দেশ সাজসজ্জা করা হয়। উদয়পুর শহরেও স্বাধীনতা দিবসকে ঘিরে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সাজসজ্জা। কিন্তু ব্যবহারের পর সেই ছোট ফ্ল্যাগগুলি যথাযথভাবে সরিয়ে না নিয়ে ডাস্টবিনে ফেলে রাখার অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন।স্থানীয়দের বক্তব্য, জাতীয় পতাকা শুধুমাত্র একটি কাপড়ের টুকরো নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, দেশের সার্বভৌমত্ব এবং কোটি কোটি মানুষের আবেগ। তাই জাতীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকার রং সংবলিত সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা এবং দায়িত্বশীলতা থাকা প্রয়োজন।স্থানীয়দের আরও অভিযোগ, স্বাধীনতা দিবসের আগে শহর সাজানোর সময় যতটা গুরুত্ব দেওয়া হয়, ব্যবহারের পর সেই সামগ্রীগুলি যথাযথভাবে অপসারণ এবং নিষ্পত্তির ক্ষেত্রে ততটা নজরদারি দেখা যায় না। ফলে অনেক সময় জাতীয় পতাকা বা তেরঙা রঙের সামগ্রী রাস্তা, নর্দমা কিংবা ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যায়।ঘটনাটি প্রশাসনের নজরে এনে দ্রুত ডাস্টবিনে পড়ে থাকা ছোট ফ্ল্যাগগুলি যথাযথভাবে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, ভবিষ্যতে স্বাধীনতা দিবসের সাজসজ্জায় ব্যবহৃত জাতীয় পতাকা এবং তেরঙা সামগ্রী যাতে অবহেলায় যত্রতত্র ফেলে রাখা না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।স্বাধীনতা দিবস আমাদের কাছে গর্বের দিন। তাই জাতীয় পতাকার মর্যাদা এবং সম্মান রক্ষা করা শুধু প্রশাসনের নয়, প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এমনটাই মত উদয়পুরের সচেতন মহলের।
উদয়পুরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ডাস্টবিনে তিরঙা ফ্ল্যাগ, জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ক্ষোভ
10
previous post
